সাফ চ্যাম্পিয়নশিপে আরও চার প্রবাসী ফুটবলার চান ডুলি

ক্রীড়া প্রতিবেদক

ফিফা আসিয়ান কাপে ব্যর্থতার অভিযান শেষ হতেই আগামী মাসে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ থমাস ডুলি। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টের জন্য আরও চার প্রবাসী ফুটবলারকে পরখ করে দেখতে চান তিনি।

আমেরিকান কোচ ডুলির পছন্দের তালিকায় থাকা চার ফুটবলার হলেন— ক্রলি টাউনের লুই ওয়াটসন, স্ট্যানফোর্ড কার্ডিনালের ট্রেভর ইসলাম, সেন্ট জোসেফস হকসের রোনান সুলিভান ও ওয়েলিংবরো টাউনের জায়ন হাকিম।

সাম্প্রতিক বছরগুলোতে লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম ও তারিক রায়হান কাজীর মতো প্রবাসীরা নিয়মিত খেলছেন। এছাড়া, ইন্দোনেশিয়ার মাটিতে আসিয়ান কাপে প্রথমবারের মতো জিদান ইউসুফ, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদকেও অভিষেকের সুযোগ দেন ডুলি।

নতুন চারজনকে দলে পাওয়ার বিষয়ে প্রবাসী ফুটবলারদের সঙ্গে যোগাযোগের দায়িত্বে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কোচ এই চার খেলোয়াড়কে দেখতে চান। বাফুফে থেকে (গতকাল) রোববার আমাকে ডুলির চাহিদার কথা জানানো হয়েছে এবং পরবর্তী যোগাযোগের জন্য আমি ইতোমধ্যে ওই ফুটবলারদের বার্তা পাঠিয়েছি।’

তবে তাদের পাওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে তিনি যোগ করেন, ‘চলতি মৌসুমে আয়ারল্যান্ড জাতীয় দলে ঢোকার শেষ একটি চেষ্টা চালাতে চান ওয়াটসন। অন্যদিকে, ট্রেভর ও রোনান নিজ নিজ বিশ্ববিদ্যালয় দলের খেলা নিয়ে ব্যস্ত।’

এই চারজনের মধ্যে কেবল রোনানের কাছেই বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। তবে ওয়াটসন ও ট্রেভরের জন্মনিবন্ধন পাওয়ার প্রাথমিক কাজ শেষ করে রেখেছে বাফুফে। এই খেলোয়াড়রা রাজি থাকলে এক সপ্তাহের মধ্যেই তাদের পাসপোর্ট দেওয়া সম্ভব বলে জানা গেছে।

ইন্দোনেশিয়া থেকে গত শুক্রবার রাতে ফিরেই সাফের প্রস্তুতিতে নেমে পড়েছেন ডুলি ও তার সহকারীরা। জাতীয় দলের জন্য নতুন ফুটবলারের খোঁজে পরদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) ফর্টিস এফসি ও সিটি ক্লাবের ম্যাচটি মাঠে বসে দেখেন ৬৫ বছর বয়সী এই কোচ।

আগামী ২৮ অক্টোবর লিগের পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিক বিরতি শুরু হওয়ার আগে স্থানীয় ফুটবলারদের যাচাই করে দেখার জন্য আরও তিন রাউন্ড সময় পাবেন ডুলি। পরিকল্পনা অনুযায়ী, বিএফএল থামার দিন থেকেই সাফের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তবে বাফুফে ও ক্লাবগুলো একমত হলে তা আরও আগেই শুরু হতে পারে।

প্রস্তুতি প্রসঙ্গে বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি অবশ্যই অনেক ভালো হতে হবে। ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে আমরা প্রথমে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করব।’