ভারতের মাটিতে টিটিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে আয়োজিত দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৯ বালক দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের অলিখিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঐতিহাসিক এই জয়ের ফলে আগামী জুনে ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা নিশ্চিত করল বাংলাদেশ দল।

রাউন্ড-রবিন লিগের শেষ ও ভাগ্যনির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য আশানুরূপ ছিল না। প্রথম ম্যাচে আবুল হাসেম ৩-২ সেটে হেরে পিছিয়ে পড়লে দলের ওপর চাপ তৈরি হয়। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হাল ধরেন নাফিজ ইকবাল। তিনি দ্বিতীয় ম্যাচে ৩-০ সেটে এবং চতুর্থ ম্যাচে ৩-১ সেটে জয় তুলে নিয়ে দলের জয় সুনিশ্চিত করেন। এর মাঝে জয় ইসলাম ৩-০ সেটে নিজের ম্যাচটি জিতে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়েছিলেন।

টুর্নামেন্টের সমীকরণ ছিল বেশ নাটকীয়। তিনটি করে ম্যাচ শেষে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ প্রত্যেক দলের সংগ্রহ ছিল সমান ৫ পয়েন্ট। এর আগে নেপালের কাছে ৩-১ সেটে হেরে যাওয়া এবং মালদ্বীপকে ৪-৩ সেটে হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত সেটের ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে জায়গা করে নেয়। পয়েন্ট সমান হলেও সেটের হিসেবে এগিয়ে থাকায় স্বর্ণপদকটি বাংলাদেশের ঝুলিতেই জমা পড়ে।

দক্ষিণ এশিয়ান যুব টিটির এই ইভেন্টে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা বেশ ঈর্ষণীয়। এর আগে ২০২২ সালেও এই ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২৩ ও ২০২৪ সালে যথাক্রমে ভারতের অরুণাচল ও শ্রীলঙ্কার ক্যান্ডিতে রৌপ্য পদক এবং ২০২৫ সালে নেপালের আসরে ব্রোঞ্জ পদক জিতেছিল তারা। এক বছরের ব্যবধানে ফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশের কিশোররা।