বিশ্ব চ্যাম্পিয়নের তকমা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না: স্কালোনি

স্পোর্টস ডেস্ক

গত বিশ্বকাপে শিরোপা জয় কিংবা বিশ্ব চ্যাম্পিয়নের তকমা— এবারের টুর্নামেন্টে এর কোনোটিই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা বা সাফল্যের গ্যারান্টি দেবে না। চার বছর আগে পাওয়া বৈশ্বিক গৌরবকে তাই একপাশে সরিয়ে রাখলেন লিওনেল স্কালোনি। দলের খেলোয়াড়দের সম্পূর্ণ নতুনভাবে মাঠে লড়াই শুরুর কঠিন এক বার্তা দিলেন আলবিসেলেস্তেদের কোচ।

আগামীকাল বুধবার সকালে 'জে' গ্রুপের ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপের মঞ্চে এটিই হতে যাচ্ছে দুই দলের প্রথম দেখা।

এর আগে ২০০৭ সালের জুনে একবারই প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত রোমাঞ্চকর লড়াইতে ৪-৩ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম জোড়া গোল পেয়েছিলেন লিওনেল মেসি। এবারও আফ্রিকার দলটির বিপক্ষে মাঠে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা শিবির।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি তার দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে সর্তক করে দিয়েছেন যে, কোনো কিছুই তাদের থালায় সাজিয়ে দেওয়া হবে না, ‘বিশ্ব চ্যাম্পিয়নের তকমা কোনো কিছুরই নিশ্চয়তা দেয় না। আমাদের একইভাবে লড়ে যেতে হবে এবং যা অর্জন করেছি তা আবারও প্রমাণ করতে হবে। আমরা একই মানসিকতা নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যেতে চাই এবং যখনই প্রয়োজন, নিজেদের মেলে ধরতে চাই।’

গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টিনা। সব বিচারেই পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে তারা হেরে যায় ২-১ গোলে। এই প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা বেশ ভালো অবস্থায় আছি এবং শান্ত আছি। দল নিয়ে আমাদের পূর্ণ আত্মবিশ্বাস আছে এবং খুব ভালো ছন্দে থেকেই আমরা এখানে খেলতে এসেছি। ২০২২ সালের অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং আমরা জানি, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে এটি চূড়ান্ত বা নির্ণায়ক কিছু নয়। ’

বিশ্বকাপে আর্জেন্টিনা দল মানেই অবধারিতভাবে আসবে লিওনেল মেসির নাম। ফুটবলের এই মহাযজ্ঞে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন তিনি, যা যেকোনো ফুটবলারের চেয়ে বেশি। আর তার পা থেকে এসেছে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য এক কীর্তি গড়বেন মেসি। পরে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর সামনেও অবশ্য এই সুযোগ আসবে।

দলের অধিনায়কের এই বিশেষ দিনে স্কালোনিও তার ওপর ভরসা রাখছেন শতভাগ। মেসিকে নিয়ে তিনি বলেন, ‘লিও মেসি সব সময় আমাদের পাশে থেকেছে এবং সে আমাদের জন্য অপরিহার্য ছিল। এখন সে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং তাকে দুর্দান্ত ছন্দে দেখাচ্ছে।’

ইতালি (১৯৩৪-১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-১৯৬২) পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে আর্জেন্টিনা। ১৯৭৮ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তখন থেকে বিবেচনা করলে এই সময়কালে আলবিসেলেস্তেদের চেয়ে বেশি ট্রফি আর কোনো দেশ উঁচিয়ে ধরতে পারেনি।