পরিসংখ্যান বলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে জিতবে আর্জেন্টিনা
২০২৬ বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে আগামীকাল রোববার সকাল ৭টায়।
পরিসংখ্যান বলছে, এই ম্যাচে জিতবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কারণ সুইজারল্যান্ডের সঙ্গে ৬০ বছরের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত তারা অপরাজিত আছে।
পরিসংখ্যানের মারপ্যাঁচ:
অপরাজিত আর্জেন্টিনা
বিশ্বকাপে নিজেদের শেষ ১১টি ম্যাচে কোনো হার দেখেনি আর্জেন্টিনা, যা এই প্রতিযোগিতার ইতিহাসে দলটির দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। তারা জিতেছে নয়টি ম্যাচ এবং ড্র করেছে বাকি দুটি।
গোলের বন্যা
আর্জেন্টিনা তাদের শেষ ১১টি বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতে অন্তত দুটি করে গোল করেছে। এর মাধ্যমে তারা এই টুর্নামেন্টের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে একাধিক গোল করার রেকর্ডে ভাগ বসিয়েছে। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ে এই কীর্তি গড়েছিল।
শক্ত রক্ষণভাগ বনাম গোল হজম
এবারের আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর মধ্যে কেবল স্পেনের (পাঁচটি) বিপক্ষে আর্জেন্টিনার (নয়টি) চেয়ে কম অন-টার্গেট শট হয়েছে। তবে চিন্তার বিষয় হলো, বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের সেই নয়টি শটের মধ্যে পাঁচটিতেই গোল হজম করেছে।
মেসির অপ্রতিরোধ্য যাত্রা
প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ছয়টি নকআউট ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। শুধু তাই নয়, সব মিলিয়ে বিশ্বকাপে টানা নয়টি ম্যাচে গোল করে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছেন তিনি।
সুইজারল্যান্ডের দীর্ঘ অপেক্ষা
কানসাস সিটির এই ম্যাচটি হবে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রথম উপস্থিতি। শেষবার তারা শেষ আটে খেলেছিল ১৯৫৪ সালের আসরে।
একক আধিপত্য
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলা আগের সাতটি ম্যাচের একটিতেও জিততে পারেনি সুইজারল্যান্ড। তারা হেরেছে পাঁচটি ও ড্র করেছে দুটি।
বিশ্বকাপের অতীত ইতিহাস
বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দুটি দেখাতেই জিতেছে আলবিসেলেস্তেরা— ১৯৬৬ সালের গ্রুপ পর্বে ২-০ গোলে এবং সবশেষ ২০১৪ সালের অতিরিক্ত সময়ে গড়ানো শেষ ষোলোর ম্যাচে ১-০ ব্যবধানে।
লাতিন জুজু
দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে খেলা ১০টি ম্যাচের মধ্যে সুইজারল্যান্ড জিতেছে মাত্র একটি। তারা তিনটি ড্র করেছে এবং ছয়টি হেরেছে।
সুইজারল্যান্ড যেখানে অনন্য
২০২৬ বিশ্বকাপ অভিযানে (বাছাইপর্ব ও মূল পর্ব মিলিয়ে) সুইজারল্যান্ডই একমাত্র দল, যারা ম্যাচের কোনো পর্যায়েই এখন পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে গোলের ব্যবধানে পিছিয়ে পড়েনি।