এসএসসিতে ২ বিষয় পর্যন্ত ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ১৫ দিনের মধ্যে নেওয়ার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে, পুনঃপরীক্ষাতেও যারা অকৃতকার্য হবে, তাদের কারিগরি ও ভোকেশনাল শিক্ষার দিকে পাঠানো হবে।
আজ মঙ্গলবার বগুড়ায় ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধনকালে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী মিলন বলেন, বছরের পর বছর আমরা এই অকৃতকার্যতার ধারা বয়ে নিয়ে যাব না। তবে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের যেন একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেটা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, পুনঃপরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাধারায় পড়াশোনা চালিয়ে যেতে পারবে, নাকি তাদের ভোকেশনালে পাঠানো হবে, সেটা নির্ধারণ করা হবে।
পরীক্ষায় অকৃতকার্য হওয়া বা পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, প্রযুক্তিগত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে কারিগরি শিক্ষা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। এর তিনদিন পর শিক্ষামন্ত্রীও এ ঘোষণা দিলেন।
গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা মোট শিক্ষার্থীর প্রায় ৩৮ শতাংশ। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর আরও ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।