কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল ৯টার দিকে জেলা শহরের হারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শামীম মিয়া (৪০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘নিহত শামীমের সঙ্গে দীর্ঘদিন ধরেই তার ফুফাতো ভাই সুলতানের ছেলে লিংকনের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ঘরের ভেতরে গিয়ে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় লিংকন।’ 

‘স্থানীয়রা শামীমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়।’ 

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এদিকে জেলা সদর এলাকার সাদুল্লাচর বাজারের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সকালে পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। 

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান ওসি আবুল কালাম ভূঁইয়া।