নিখোঁজের পরদিন ডোবায় ভেসে উঠল শিশুর মরদেহ
কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের গফিহাটি এলাকায় একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শান্ত্বনা আক্তার (৭) উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার-সংলগ্ন টেংগুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশ থেকে শান্ত্বনা নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি নিকলী থানাকে জানান।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের গফিহাটি এলাকায় পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শান্ত্বনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শিশুটির বাবা শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে খবর পাই, বাড়ি থেকে কিছু দূরে পানিতে এক মেয়ের মরদেহ ভেসে উঠেছে। পরে গিয়ে দেখি, এটা আমার আদরের মেয়ে শান্তনা।
ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।