তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি-রোনালদো?
পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন ২০২২ সালের জুনে। তবে আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচটি এখনো বাকি। আগামী ডিসেম্বরে তার প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরাতে হবে এই ম্যাচ। আর এই জমকালো আয়োজনে এক মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে।
প্রায় দুই দশক ধরে ফুটবল বিশ্বকে শাসন করে যাচ্ছেন এই দুই মহাতারকা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তাদেরকে একসঙ্গে খেলতে দেখাটা হবে ফুটবলপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই অসাধারণ এক দৃশ্য।
সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলা বিশ্বকাপজয়ী মেসি ও পর্তুগালের অধিনায়ক রোনালদোকে শেষবার একই মাঠে দেখা গিয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে। একটি প্রদর্শনী প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন দুজন। পিএসজির জার্সিতে ছিলেন মেসি, রোনালদো খেলেছিলেন রিয়াদ অল-স্টারের হয়ে। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর সেই লড়াইয়ে পিএসজি জিতেছিল ৫-৪ গোলে। বার্সেলোনার কিংবদন্তি মেসি করেছিলেন একটি গোল, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রোনালদো জালের দেখা পেয়েছিলেন দুবার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস শনিবার জানিয়েছে, লা বোম্বোনেরায় বিদায়ী ম্যাচ আয়োজনের বিষয়ে বোকার সভাপতি ও সাবেক সতীর্থ হুয়ান রোমান রিকেলমের সঙ্গে কথা বলেছেন তেভেজ, মিলেছে সবুজ সংকেত। তবে ম্যাচটি কবে হবে, তার কোনো চূড়ান্ত তারিখ এখনো ঠিক হয়নি। আগামী ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের শুক্রবার বা শনিবার এটি হতে পারে।
বুটজোড়া তুলে রাখার আগে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকার জার্সিতে তিন দফায় খেলেছেন তেভেজ। সব মিলিয়ে ২৭৯ ম্যাচ খেলে ৯৪টি গোল করেছেন তিনি, জিতেছেন ১১টি শিরোপা। তাই আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচের জন্য এই দলটির স্টেডিয়ামের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!
টিওয়াইসি স্পোর্টস আরও জানিয়েছে, এই ম্যাচে ৪২ বছর বয়সী তেভেজের দলে খেলবেন তার ছোটবেলার ও ফুটবল অঙ্গনের কাছের বন্ধুরা। আর প্রতিপক্ষ দলে খেলবেন এমন সব তারকা, যাদের সঙ্গে ক্যারিয়ারের কোনো না কোনো সময় তিনি ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন।
ওয়েস্টহ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্তাসের মতো বড় বড় ক্লাবে খেলেছেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলেও তার ক্যারিয়ার ছিল এক দশকের বেশি সময়ের। ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে আলবিসেলেস্তেদের হয়ে ৭৬ ম্যাচে করেছেন ১৩ গোল। তাই আমন্ত্রিত খেলোয়াড়দের তালিকা হবে বেশ দীর্ঘ। সব মিলিয়ে প্রায় ৬০ জনের মতো তারকা ফুটবলার এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন।
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আমন্ত্রিতদের এই তালিকাতেই ৩৯ বছর বয়সী মেসির পাশাপাশি ৪১ বছর বয়সী রোনালদোর নাম থাকবে বলে ধারণা করা হচ্ছে। ক্লাব পর্যায়ে ম্যান ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন তেভেজ।
খেলোয়াড়ি জীবনের ইতি টানলেও তেভেজ ফুটবলের সঙ্গেই আছেন। অবসরের পর কোচিং পেশায় জড়িয়েছেন তিনি। রোসারিও সেন্ত্রাল ও ইন্দিপেনদিয়েন্তের মতো ক্লাবের ডাগআউট সামলানোর পর সবশেষ ছিলেন তায়েরেসের কোচের ভূমিকায়। গত মে মাসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তায়েরেসের দায়িত্ব ছাড়েন তিনি।

