২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শেখ শরীফুল ইসলামকে গত ২২ ঘণ্টা ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
উপাচার্যের অপসারণ ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনড় থাকায় ক্যাম্পাসে অচলাবস্থা চলছে।
উপাচার্যের সঙ্গে কার্যালয়ে অবরুদ্ধ থাকা দুই সাবেক শিক্ষার্থী বিদ্যুৎহীন অবস্থায় রাত কাটানোর পর অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
গতরাত ২টার দিকে চুয়েট মেডিকেল সেন্টারের এক চিকিৎসক সাংবাদিকদের সঙ্গে নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান।
শারীরিক অবস্থা জানতে চাইলে শেখ শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ভালো আছেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দুই সাবেক শিক্ষার্থীর উচ্চ রক্তচাপজনিত সমস্যা হচ্ছে। তাই আমি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছি। দীর্ঘ সময় ধরে এখানে অবরুদ্ধ থাকায় সবাই অসুস্থ বোধ করছেন এবং ক্লান্ত হয়ে পড়েছেন।’
এদিকে ক্যাম্পাসে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও পূর্ণাঙ্গ কর্মবিরতি চলছে। আন্দোলনকারীরা উপাচার্যের অপসারণ এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন।
আজ মঙ্গলবার সকালেও শিক্ষকদের বহনকারী কোনো বাস ক্যাম্পাস থেকে বের হয়নি। ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।
