‘তৌহিদী জনতার’ আপত্তির পর কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট বাতিল
স্থানীয় আলেম-উলামাদের আপত্তি এবং আয়োজক প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় কিশোরগঞ্জে জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ'-এর কনসার্ট বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই কনসার্ট ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন বিষয়টি নিশ্চিত করে জানান, কনসার্ট ও র্যাফেল ড্র আয়োজনের জন্য জেলা শহরের 'আলিশান' রেস্তোরাঁর পক্ষ থেকে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠানের আবেদন বাতিল করে দ্রুত নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজ সন্ধ্যার অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর দুদিন আগে কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছিল ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি আহমাদুল্লাহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অনুষ্ঠানটিকে 'শরীয়ত বিরোধী' উল্লেখ করে তা আয়োজনের প্রতিবাদ জানানো হয়।
আজ বুধবার আসরের নামাজের পর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলেরও ডাক দেয় তৌহিদী জনতা।
পরে আজ ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে কনসার্ট স্থগিতের খবর জানায় অ্যাশেজ ব্যান্ড। ব্যান্ডটির ব্যবস্থাপক আলিফ হোসেন জানান, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনসার্ট বাতিলের সিদ্ধান্ত আসার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছে স্থানীয় আলেম সমাজ।
হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহিম জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। প্রশাসন থেকে কনসার্ট না হওয়ার নিশ্চয়তা দেওয়ায় বিকেলে বাদ আসর প্রস্তাবিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের সাফ কথা—কিশোরগঞ্জের মাটিতে কোনো শরিয়ত বিরোধী কনসার্ট করতে দেওয়া হবে না।