আনচেলত্তির মন্তব্যের জবাবে স্কালোনি বললেন, ‘তিনি আমাদের প্রশংসাই করেছেন’
বিশ্ব চ্যাম্পিয়নদের খেলার ধরন নিয়ে কার্লো আনচেলত্তির মন্তব্যকে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিল কোচের সেই পর্যবেক্ষণকে সমালোচনা নয়, বরং প্রশংসা হিসেবেই দেখছেন তিনি।
সোমবার রাতে ডালাসে আর্জেন্টিনার ‘জে’ গ্রুপের দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তির মন্তব্যের জবাব দিয়েছেন স্কালোনি। এর আগে ব্রাজিল কোচ বলেছিলেন যে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অনবরত প্রেসিং ও উচ্চ-তীব্রতার (হাই-ইনটেনসিটি) ফুটবলের ওপর নির্ভর করে না।
গণমাধ্যমকে স্কালোনি বলেছেন, ‘আমি বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছি। তিনি আমাদের প্রশংসাই করেছেন, খারাপ কিছু বলেননি। তিনি যা বলেছেন তা আমি ভালোভাবেই বুঝেছি। যেহেতু তিনি স্প্যানিশ, ইতালিয়ান ও পর্তুগিজ ভাষা মিলিয়ে কথা বলেছেন, তাই হয়তো এটি পুরোপুরি পরিষ্কার ছিল না। তবে আমি নিশ্চিত যে এটি প্রশংসা ছিল, কোনো সমালোচনা নয়।’
আধুনিক ফুটবলে ইনটেনসিটি বা তীব্রতার ব্যাখ্যা নিয়েও প্রশ্ন তোলেন আর্জেন্টাইন কোচ। তার মতে, অনবরত শারীরিক পরিশ্রমের চেয়ে কৌশলগত সচেতনতা ও রক্ষণাত্মক সুবিন্যাস অনেক বেশি গুরুত্বপূর্ণ।
স্কালোনি বলেছেন, ‘তীব্রতা বলতে আসলে কী বোঝানো হচ্ছে, তা আপনাকে দেখতে হবে। যখন বল আপনার পায়ে থাকবে না, তখন প্রতিপক্ষ যেন আপনাকে আঘাত করতে না পারে সেই চেষ্টা করতে হবে। খুব বেশি দল আপনাকে হাই-প্রেসিং বা ম্যান-টু-ম্যান মার্কিং করবে না। দলগুলো মূলত মাঝমাঠেই শক্তিশালী হয়ে ওঠে এবং সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।’
তিনি যোগ করেছেন, ‘আপনি তিনজন ফরোয়ার্ড নিয়ে জিতলেন নাকি পেছনে তিনজন বা পাঁচজন নিয়ে রক্ষণভাগ সাজালেন, তার চেয়ে বল হারানোর পর দলের প্রতিক্রিয়া কেমন ছিল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তিনবারের শিরোপাজয়ী আর্জেন্টিনা ও ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া— দুই দলের নামের পাশেই রয়েছে তিন পয়েন্ট করে। এই ম্যাচে জয় পেলে স্কালোনির দলের জন্য ‘জে’ গ্রুপের শীর্ষস্থান অর্জন করা প্রায় নিশ্চিত হয়ে যাবে।