ভবিষ্যতের তারকা: ডাউম্যানকে নিয়ে মেসির পূর্বাভাস সত্যি হওয়ার আশায় আর্তেতা
বিশ্ব ফুটবলের ১০ জন সম্ভাবনাময় তারকার তালিকায় সম্প্রতি আর্সেনালের বিস্ময়বালক ম্যাক্স ডাউম্যানকে রেখেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই মহাতারকার এমন মূল্যায়নকে বড় স্বীকৃতি হিসেবে দেখছেন ইংলিশ ক্লাবটির কোচ মিকেল আর্তেতা। মাত্র ১৬ বছর বয়সী শিষ্যের ব্যাপারে মেসির এই পূর্বাভাস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের নতুন একটি প্রচারণায় বিশ্বের ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণকে বেছে নেন মেসি। তাদেরকে ভবিষ্যতের তারকা মনে করেন এই কিংবদন্তি। সেই তালিকায় ইউরোপজুড়ে আলোড়ন তোলা ডাউম্যানের নাম থাকা নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে কথা বলেন আর্সেনালের স্প্যানিশ কোচ।
সংবাদমাধ্যমকে আর্তেতা বলেন, ‘মেসি যখন বলেছে— যে কি না সর্বকালের সেরা খেলোয়াড়! আমার মনে হয়, (ফুটবলের ব্যাপারে) তার চেয়ে ভালো চোখ আর কারও নেই। আশা করি, তার কথাই সত্যি হবে।’
আর্সেনালের হেল এন্ড একাডেমি (যুব একাডেমি) থেকে উঠে এসেছেন এখনও কৈশোরে থাকা ডাউম্যান। আর্তেতার মতে, এই মিডফিল্ডারের কঠোর পরিশ্রমেরই ফসল মেসির এমন স্বীকৃতি। এই বয়সে এরকম উঁচুদরের প্রশংসা পাওয়া বিরল হলেও প্রচারণার আলো যেন ডাউম্যানের মনোসংযোগে প্রভাব না ফেলে, সেদিকেও সজাগ দৃষ্টি রাখছেন তিনি।
ঠিক কোন গুণটির কারণে ডাউম্যানকে আলাদাভাবে বেছে নিয়েছেন মেসি— জানতে চাওয়া হলে সাবেক মিডফিল্ডার আর্তেতা জবাব দেন, ‘তার মধ্যে বিশেষ কিছু একটা আছে।’
ডাউম্যানের ফুটবলীয় দক্ষতার প্রশংসা করে গানারদের কোচ যোগ করেন, ‘অল্প যে কয়েকটি ম্যাচে সে সুযোগ পেয়েছে, তাতেই অসাধারণ কিছু করে দেখিয়েছে। সে এমন একজন ফুটবলার, যে বিশেষ প্রতিভার ছোঁয়া নিয়ে এসেছে। ওর খেলা দেখাটাই আনন্দের। মাঠে সে যেভাবে চলাচল করে, যেভাবে বল স্পর্শ করে আর নিজেকে উপস্থাপন করে— তা একদমই আলাদা। আর এসবই ওকে অনন্য করেছে।’
উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের জার্সিতে গত ১২ মাসে অবিশ্বাস্য অগ্রগতি ঘটেছে ডাউম্যানের। গত মৌসুমে মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে তার অভিষেক হয়। একে একে নতুন রেকর্ড গড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর প্রিমিয়ার লিগের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী গোলদাতা হন তিনি।
চলতি মৌসুমেও নিজেকে মেলে ধরার ধারবাহিকতা বজায় রেখেছেন ডাউম্যান। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। গত মাসে কারাবাও কাপে ইপসউইচ টাউনের বিপক্ষে আর্সেনালের ৪-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করে ফিনিশিং দক্ষতারও প্রমাণ দিয়েছেন তিনি।

